গাজীপুরের কালিয়াকৈরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আজিবর রহমান (৪৭) ২৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) ভোরে কালিয়াকৈরের কেপিজে বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আজিবর রহমান উপজেলার ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও তাঁর পরিবারের সদস্যরা জানান, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, এ সময় সুমন, সাগর ও তাঁদের বাবা শরিফসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবরকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে কয়েক দফায় তাঁর অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে আজিবর রহমানের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ নিশ্চিত করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।