নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে জাকির গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে জাকির নামে এক ব্যক্তি রয়েছেন, যিনি ১০টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ছিনতাই ও ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার এসআই রাজু আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় জাকির ও তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পরে তাঁদের কাছ থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি কাটার, দুটি সামুরাই এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, লাউতলা ও চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।