সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই চীন থেকে নেত্রকোনার মোহনগঞ্জে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশি এক তরুণীকে বিয়ে করেছেন ওয়্যাং সুলিন (৩০) নামের এক চীনা নাগরিক। ধর্মান্তরের পর তাঁর নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
শুক্রবার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় কনের পরিবারের আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনে নাজমিন আক্তার (২০) মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে ফেসবুকে ওয়্যাং সুলিন ও নাজমিনের পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে রূপ নেয়। পরে দুই পরিবারের সম্মতিতে গত ২১ জুলাই আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওয়্যাং সুলিন।
কনের বাবা মো. নাজিম উদ্দিন জানান, বিয়ের আগে চীনা যুবকের পরিচয়, পারিবারিক তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি চীনা দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়। সবকিছু নিশ্চিত হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিদেশি জামাইকে এক নজর দেখতে কনের বাড়িতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। নবদম্পতিকে শুভেচ্ছা জানান স্বজন ও প্রতিবেশীরা।
পরিবার সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নাজমিনকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে নুর উদ্দিনের।