শিরোনাম

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, তেঁতুলিয়ায় নামল ১৫.৪ ডিগ্রিতে

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, তেঁতুলিয়ায় নামল ১৫.৪ ডিগ্রিতে

হেমন্তের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা রোদের তীব্রতা থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। রাত ও ভোরে কুয়াশার উপস্থিতিও বাড়ছে।

আবহাওয়া ও ঋতু পরিবর্তনের প্রভাবে পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য দেখা যাচ্ছে। সকালে ও রাতে শীতের অনুভূতি বেশি থাকলেও সূর্য ওঠার পর কুয়াশা কমে যায় এবং দিনের বেলা রোদের তীব্রতা বাড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড় সদর উপজেলার ইজিবাইকচালক রফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে শীতের অনুভূতি বাড়ছে। কিছুদিন আগেও শীত তুলনামূলক কম ছিল। এখন সকালে গাড়ি নিয়ে বের হলে হালকা শীতের কাপড় সঙ্গে নিতে হচ্ছে। সকালে গাড়ি চালাতে বেশ কষ্ট হচ্ছে।

পঞ্চগড় শহরের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, শীত পুরোপুরি আসতে আরও ২০ থেকে ২৫ দিন বাকি থাকলেও এরই মধ্যে শীতের অনুভূতি শুরু হয়েছে। সন্ধ্যার পর হালকা কাপড় পরে মোটরসাইকেল চালানো কঠিন হয়ে পড়ছে। রাতে পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। ১০ থেকে ১৫ দিন আগেই ফ্যান চালানো বন্ধ করে দিয়েছেন বলে জানান তিনি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন আকাশে মেঘ না থাকায় হিমালয় থেকে আসা বাতাসের প্রভাবে তাপমাত্রা কমছে এবং শীতের অনুভূতি বাড়ছে। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বৃষ্টিবলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর