ভারতে মুসলমানদের ওপর হামলা ও মসজিদ ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শেরেবাংলা পার্কে জেলা জাগপার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাগপার নেতারা অভিযোগ করেন, আসাম থেকে দিল্লিসহ ভারতের বিভিন্ন এলাকায় মুসলমানদের ওপর নিপীড়ন ও আগ্রাসন চলছে। তাঁদের দাবি, আসামে ১ হাজার ১০০টি এবং দিল্লিতে ৬০০টি মুসলিম পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া ভারতের বিভিন্ন স্থানে মসজিদ ভাঙচুর এবং উত্তরাখণ্ডে মাদ্রাসাগুলোর শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিলের অভিযোগও তোলেন তাঁরা।
নেতারা আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে উপদেশ দিলেও দেশটির ভেতরে মুসলমানদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে বলে তাঁরা মনে করেন। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগের নিন্দা জানিয়ে তাঁরা প্রতিবাদ জানান।
পঞ্চগড় জেলা জাগপা ছাত্রকাফেলার সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, সদর উপজেলা সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খোকন ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, বোদা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আটোয়ারী উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, তেঁতুলিয়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং জেলা ছাত্রকাফেলার সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।