শিরোনাম

তালায় মাছ চুরির সন্দেহে মৎস্যচাষিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

তালায় মাছ চুরির সন্দেহে মৎস্যচাষিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫৩) নামের এক মৎস্যচাষিকে গাছে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার জেয়ালা গ্রামের উত্তর খোলা বিলে এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশ মণ্ডল জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালার উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, এরপর তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ ঘটনায় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষিতিশ গুরুতর আহত হন। পরে তাঁর স্বজনেরা তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন, ক্ষিতিশের নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর আটকে রেখে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন পার্থ মণ্ডল।

তালা থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, মাছ চুরির অপবাদে ক্ষিতিশ মণ্ডলকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর