শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা উদ্ধার করেন। বিষয়টি সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশির উদ্যোগ নিলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

উদ্ধার করা জিরা ও জব্দকৃত কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর