শিরোনাম

লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ

লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে বেসরকারিকরণের চক্রান্ত বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। সমাবেশ পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশে চলমান লোডশেডিংয়ের কারণে জনজীবন হুমকির মুখে পড়েছে। বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ও জনজীবন বিপর্যস্ত হচ্ছে।

তারা অবিলম্বে লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ এবং দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যমান গ্যাসের মজুত কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব। আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর