রংপুর বিভাগের কোথাও দুর্গাপূজা ঘিরে ঝুঁকি বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শারদীয় দুর্গাপূজার সপ্তমী। পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি ও আনন্দ-উচ্ছ্বাস রয়েছে এবং নারী ভক্তরা নির্বিঘ্নে যাতায়াত করছেন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ডিআইজি পঞ্চগড়বাসীসহ সব পূজার্থীকে সপ্তমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, মন্দির পরিদর্শনের সময় মাগরিবের আজান হচ্ছিল। একদিকে মসজিদে আজান, অন্যদিকে মন্দিরে ভক্তদের উপস্থিতি—এ দৃশ্য ধর্মীয় সম্প্রীতির সুন্দর দৃষ্টান্ত। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। এমন সম্প্রীতির পরিবেশই সবার প্রত্যাশা।
ডিআইজি আরও বলেন, দুর্গাপূজার পরিবেশ স্বাভাবিক রাখা এবং সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসন, বিজিবি ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজার বাকি আনুষ্ঠানিকতাও সম্পন্ন হবে।