নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) ষষ্ঠবারের মতো ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্যারিয়ার কার্নিভাল ৬.০-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন, পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের কার্নিভালের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন।
কার্নিভালে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোর স্টলে সিভি জমা দেওয়ার পাশাপাশি চাকরি, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠন বিষয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পান। এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে বলে শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপাচার্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং তাঁদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সোসাইটি অব বাউস্টের আয়োজনে এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এ কার্নিভালে প্রাণ, আরএফএল, বিডিজবস ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আকিজ গ্রুপ, এসিআই, নিটোল-নিলয়, সামিট, লাফার্জ হোলসিম বাংলাদেশ, আরএকে সিরামিকসসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।