শিরোনাম

রজনীগন্ধা ও গোলাপের পাপড়িতে নীলফামারী সরকারি কলেজে নবীনবরণ

রজনীগন্ধা ও গোলাপের পাপড়িতে নীলফামারী সরকারি কলেজে নবীনবরণ

নীলফামারী সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের প্রায় ১ হাজার ৮০০ নবাগত শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে রজনীগন্ধার স্টিক ও গোলাপের পাপড়ি ছিটিয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা পারভীন স্বাগত বক্তব্য দেন। পরে কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নীলফামারী থেকেই দেশসেরা, এমনকি বিশ্বসেরা হয়ে ওঠা সম্ভব। সঠিক শিক্ষা ও মেধার বিকাশের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বদরবারে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য তুহিনের স্ত্রী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (রংপুর অঞ্চল)-এর পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।

এ ছাড়া অধ্যাপক আলতাফ হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক পায়েলেজ্জামান রক্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, সদস্যসচিব রাইসুল ইসলাম রানা এবং নবাগত শিক্ষার্থী দীপ্ত রায় চৌধুরী বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজামসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে মূল আয়োজনের পূর্বে প্রধান অতিথি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কলেজের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। পরে তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর