নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৯২। এ অবস্থায় নগরীর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
বায়ুমান সূচক অনুযায়ী, এ ধরনের দূষিত বাতাসে স্বল্প সময় অবস্থান করলেও শারীরিকভাবে সুস্থ মানুষেরও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় দূষিত বাতাসে থাকলে গুরুতর স্বাস্থ্য সমস্যার আশঙ্কা রয়েছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৪৬। তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২৩২। অন্যদিকে পাকিস্তানের করাচির স্কোর ১৩৪।
একিউআই স্কোর কত হলে বাতাসের মান কেমন
বায়ুমান সূচক বা একিউআই দিয়ে প্রতিদিনের বায়ুদূষণের মাত্রা এবং এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করা হয়।
সূচক অনুযায়ী:
- ০১ থেকে ৫০: ভালো।
- ৫১ থেকে ১০০: মাঝারি।
- ১০১ থেকে ১৫০: সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।
- ১৫১ থেকে ২০০: অস্বাস্থ্যকর।
- ২০১ থেকে ৩০০: খুবই অস্বাস্থ্যকর।
- ৩০১-এর বেশি: বিপজ্জনক।
অর্থাৎ ঢাকার বর্তমান ২৯২ স্কোর নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
যেসব দূষণে পরিমাপ করা হয় বায়ুর মান
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে প্রধানত পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন।
এসব দূষণকারী উপাদানের মাত্রার ওপর ভিত্তি করেই বায়ুর মান ও জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব নির্ধারণ করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণের মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণ।