শিরোনাম

সিলেটে হামের সংক্রমণে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

সিলেটে হামের সংক্রমণে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৮ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর সন্দেহভাজন ও নিশ্চিত হামে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে।

শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত শিশুদের মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আনসার উদ্দিনের ১১ মাসের মেয়ে আফরিন ও সিলেট সদরের শাকুর আলীর ৪ মাস ১৭ দিনের মেয়ে মাইশা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া হবিগঞ্জ সদরের আব্দুল আজিজের ১ মাসের ছেলে উমর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৬৮ জন রোগীর মধ্যে সিলেট জেলার ১১১ জন, হবিগঞ্জের ৩১ জন, মৌলভীবাজারের ১০ জন এবং সুনামগঞ্জের ১৬ জন রয়েছেন। এ সময়ে নতুন করে ৬৫ জন নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর