শিরোনাম

মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের মেয়াদ পূর্তির আগেই তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে। সরকারি বরাদ্দে শুরু হওয়া উন্নয়নকাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও বগদুলঝুলা এলাকায় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি সড়কের কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরে বগদুলঝুলা কলেজ মাঠে বড়শশী ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, তাঁর নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় বাসিন্দাদের রাস্তাঘাটসহ আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকারের সাত মাসের মধ্যেই বড়শশী ইউনিয়নে দুটি সড়ক পাকাকরণের কাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সড়কগুলো নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। পাশাপাশি নদীতীরবর্তী এলাকার কৃষিপণ্য সহজে শহর ও বাজারে পরিবহন করা সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, জনগণের করের টাকা ও সরকারি বরাদ্দে উন্নয়নকাজ হচ্ছে। তাই কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকতে হবে। বিএনপি নেতাকর্মীদেরও মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ফরহাদ হোসেন আজাদ। তিনি বিরোধী রাজনৈতিক পক্ষের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করেন এবং বিএনপির নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁর বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উঠে আসে।

সমাবেশে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর