পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে ৩৩ জন যুবকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিংয়ের সরঞ্জাম দেওয়া হয়।
রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবি কাজ করছে। চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে এবং স্বাবলম্বী হতে পারবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি আরও বলেন, সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালে উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে কারিগরি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পঞ্চগড় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) প্রশিক্ষক, বিজিবির প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।