বাগেরহাটের মোংলায় তীব্র লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট নিরসনে ছয় ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ট্যাংক বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দাদের মাঝেও পানির ট্যাংক বিতরণ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এসব ট্যাংক বিতরণ করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোংলার আয়োজনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণ করে তা সুপেয় পানির চাহিদা পূরণে ব্যবহারের জন্য এসব ট্যাংক দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপসহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপি সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তীব্র লবণাক্ততাপ্রবণ মোংলাসহ উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এ সংকট নিরসনে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের জন্য উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে পানির ট্যাংক বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সুপেয় পানির উৎস বাড়াতে সরকারি পুকুরগুলো পুনঃখননের উদ্যোগও নেওয়া হয়েছে। উপকূলের মানুষ যাতে সুপেয় পানির জন্য দুর্ভোগে না পড়েন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।