বাগেরহাটে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও জাল টাকাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সুপার জানান, বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭ পুরুষ ও ১ নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ ও ৫৫টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় এলাকা থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।