শিরোনাম

নীলফামারীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের মামলায় ৩৪ জন কারাগারে

নীলফামারীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের মামলায় ৩৪ জন কারাগারে

নীলফামারীতে মাদক মামলার আসামি সুজন ইসলামকে আদালতে নেওয়ার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সৈয়দপুর থেকে ডিমলা উপজেলার একাধিক মাদক মামলার আসামি সুজন ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে। পরদিন শনিবার দুপুরে তাকে আদালতে নেওয়ার সময় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে তার স্বজন ও স্থানীয় কয়েকজন বাসিন্দা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশকে বাধা দিয়ে সুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও অভিযান চালিয়ে ডিমলা এলাকা থেকে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান রোববার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা করেছে।

তিনি জানান, মামলায় গ্রেপ্তার ৩৪ জনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর