গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, বিচারক মো. সুজন মিয়ার আদালত চলাকালে আদালতকক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী কথা বলছিলেন। এ সময় বিচারক তাদের লক্ষ্য করে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়। সেটি শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার পর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম. এ. আলম সেলিমও ঘটনার নিন্দা জানিয়ে এর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঘটনাটি নিয়ে আদালত প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে উল্লেখিত অভিযোগের বিষয়ে বিচারকের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা সংযোজন করা হবে।