শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. আবদুল মঈন খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নেবে। তাই শিশুদের যথাযথভাবে গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মের। দেশকে ভালোবেসে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশুদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, শিশু অধিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির অনেক আগেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তা করেছিলেন। শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকশিত করে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয়তাও তিনি উপলব্ধি করেছিলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শিশুদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের নিজেদের ভবিষ্যতের পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎও গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জাতিসংঘ ১৯৮৯ সালে শিশুদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়ার অনেক আগেই ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, সরকার ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় শিশু একাডেমির কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রমে সুবিধাভোগী শিশুদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরাও সমান সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।