শিরোনাম

দুর্গাপূজা ঘিরে নীলফামারীর ৮১২ মণ্ডপে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা

দুর্গাপূজা ঘিরে নীলফামারীর ৮১২ মণ্ডপে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে নীলফামারী জেলার ৮১২টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। নাশকতা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার মনিটরিং কার্যক্রম।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় নীলফামারী শহরের ঐতিহাসিক শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা দুর্গাপূজা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, জি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সাইবার মনিটরিং কার্যক্রমও চালু রয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এসআরবি-১৩ অধিনায়ক বলেন, পূজার দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে এসআরবি-১৩-এর পক্ষ থেকে বলা হয়, যাচাই না করে কোনো গুজব বা উসকানিমূলক তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। কোথাও সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন প্রস্তুতিতে পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর