শিরোনাম

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানো শুরু হচ্ছে। প্রথম ধাপে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোনো অভিবাসন ব্যয় ছাড়াই ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। ওইদিন সন্ধ্যা ৭টায় কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইট ঢাকা ছাড়বে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানান।

বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে নির্বাচিত এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে যোগ দেবেন। কর্মীদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর অন্য কর্মীদের যাওয়ার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে। এ লক্ষ্যে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়।

পরবর্তীতে নির্বাচিতদের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। সব মিলিয়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠান।

এই উদ্যোগের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নতুন করে শুরু হচ্ছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর