পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে নিয়ে প্রচারিত ভিডিও ও ছবির মাধ্যমে অপপ্রচারের অভিযোগে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১ আগস্ট) দুপুরে জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পঞ্চগড় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্যদা প্রসাদ রায় এবং সনাতন ধর্মাবলম্বী দীপ্তি রানী ও কল্পনা রানী।
বক্তারা অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতিমন্ত্রীকে জড়িয়ে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তাদের দাবি, এর মাধ্যমে প্রতিমন্ত্রী ও সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, “এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটিয়ে সনাতনীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। আমরা এর প্রতিবাদ জানাতেই আজ একত্রিত হয়েছি।”
দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, “যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং যিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ভিডিও ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
দীপ্তি রানী ও কল্পনা রানী বলেন, প্রতিমন্ত্রীকে নিয়ে একজন সনাতনী নারীকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। তারা দাবি করেন, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে সনাতন সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে যান। পরে প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সনাতন সম্প্রদায়ের নেতারা প্রতিমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিক্ষোভ, সমাবেশ ও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।