সাভারের আশুলিয়ায় অটোরিকশাচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে অস্ত্র কেনাবেচার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী শুটার সাদ্দামের সহযোগী।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে জহুরুল, আলভী ও মামুনকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারা আবারও অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান চালিয়েও তাদের আটক করা সম্ভব হয়নি।
পরে কৌশল পরিবর্তন করে অটোরিকশাচালকের ছদ্মবেশে অভিযানের পরিকল্পনা করে ডিবি। রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের সদস্যরা সাধারণ চালকের বেশে গ্যারেজে প্রবেশ করেন। একপর্যায়ে চারদিক থেকে ঘিরে অস্ত্র কেনাবেচার সময় তিনজনকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই মো. শাহাদত হোসেন বলেন, আটক ব্যক্তিরা চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাদের গ্রেপ্তারে এর আগে একাধিকবার অভিযান চালানো হয়েছিল। শেষ পর্যন্ত পরিকল্পিত অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে।
গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইদুর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে চক্রটিকে আটকের চেষ্টা চলছিল। অভিযানে সফল হওয়ার পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।