আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বানে পঞ্চগড়ে মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জজ কোর্টের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে দলীয়করণ বন্ধের দাবি জানান। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিও তুলে ধরেন তাঁরা।
বক্তারা আগামী শনিবারের ঢাকা-রংপুর লংমার্চে অংশ নিয়ে কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ১১ দলীয় ঐক্য জোটের ঘোষিত কর্মসূচিটি ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে রংপুরে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
পথসভায় বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজউদ্দীন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, এনসিপির পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক আরমান আলী ও সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতারা।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ঘোষিত দাবিগুলো সামনে রেখে লংমার্চের প্রস্তুতি চলছে এবং কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয়ভাবে প্রচার ও সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে।