নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজকোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদারপাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে ভুক্তভোগী শিশুটি মোখছেদের নাতনির সঙ্গে তাদের বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মোখছেদ শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। মামলায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ আনা হয়।
আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার এক বছরের মধ্যে রায় ঘোষণা করা হয়।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান খান রিনো রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত বিচারকাজ সম্পন্ন করে রায় ঘোষণার মাধ্যমে বিচার বিভাগ দৃষ্টান্ত স্থাপন করেছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, দ্রুত রায় দেওয়ায় তারা বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞ। দ্রুত বিচার নিশ্চিত হলে এ ধরনের অপরাধ কমাতে তা ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।