শিরোনাম
দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ

রামুতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নিহতরা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। অপর নিহত ব্যক্তি একজন পুরুষ, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক একটি মামলার কাজে সোমবার সকালে দুই বোন কক্সবাজার আদালতে যান। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে রামুর খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশ কাজ করছে।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর