রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
স্থানীয়দের ভাষ্য, রোববার ভোরে ওই এলাকার সোহেল মিয়ার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা প্রায় এক কিলোমিটার দূরের একটি ধানক্ষেত থেকে অটোরিকশাসহ দুইজনকে আটক করেন বলে জানা গেছে।
পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে তাঁদের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।