বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর জন্য নির্বাচিত কুষ্টিয়ার শিক্ষার্থীদের মধ্যে সম্মানি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এসব সম্মানি ও স্বীকৃতি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে পুলিশ সুপার নিজ হাতে শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানির অর্থ তুলে দেন। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার বলেন, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত এই সাফল্য শিক্ষার্থীদের ভবিষ্যতের বড় অর্জনের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাদের কৃতিত্ব পরিবার ও বাংলাদেশ পুলিশ পরিবারের জন্যও গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে এ+ (জিপিএ-৫) অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের মেধার স্বীকৃতি দিতে কেন্দ্রীয়ভাবে এ মেধাবৃত্তির আয়োজন করা হয়। শিক্ষাক্ষেত্রে পুলিশ সদস্যদের সন্তানদের আরও ভালো ফলাফলে উৎসাহিত করা এবং তাদের প্রতিভার যথাযথ মূল্যায়ন করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাংলাদেশ পুলিশের এ উদ্যোগের জন্য আইজিপি ও কুষ্টিয়ার পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রম কাজে লাগিয়ে দেশের সেবায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, ডিআইও-১, ডিএসবি কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়া, আরও-১, রিজার্ভ অফিস কুষ্টিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।