শিরোনাম

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহতের দাবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহতের দাবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন বলে নতুন এক বিশ্লেষণে উঠে এসেছে। সোমবার প্রকাশিত এ হিসাব যুদ্ধের দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি এবং লক্ষ্য অর্জনে রাশিয়ার বিপুল প্রাণহানির বিষয়টি সামনে এনেছে।

রাশিয়ার বাইরে থেকে পরিচালিত সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা যৌথভাবে নিহত রুশ সেনাদের নতুন এ হিসাব প্রকাশ করেছে। এ বিশ্লেষণে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্য ব্যবহার করা হয়েছে, যা ইউক্রেনপন্থী দুই হ্যাকার গোষ্ঠী বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো সংগ্রহ করে বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের প্রাণহানির হিসাব নিয়ে কাজ করছে সংবাদমাধ্যম দুটি। আগে তারা মূলত উত্তরাধিকারসংক্রান্ত নথি ও মৃত্যুসংবাদ বিশ্লেষণ করত। এবার হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া রাশিয়ার সিভিল রেজিস্ট্রি এবং সরকারি তথ্য বিনিময়ব্যবস্থার তথ্য তাদের বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করেছে।

বিশ্লেষণে দেখা গেছে, গত সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে সরকারি তথ্যভান্ডারে মৃত্যুর তথ্য যুক্ত হতে দীর্ঘ সময় লাগে। ফলে এতে ২০২৬ সালের অধিকাংশ এবং ২০২৫ সালের অনেক সেনার মৃত্যুর তথ্য এখনো অন্তর্ভুক্ত হয়নি।

যুদ্ধে সেনা হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে ক্রেমলিন দীর্ঘদিন ধরে তথ্য গোপন রাখছে বলে অভিযোগ রয়েছে। সংবাদমাধ্যমগুলোর নতুন হিসাব আগের বিভিন্ন অনুমানের তুলনায় রাশিয়ার প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুদ্ধের ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সীমিতভাবে প্রকাশ, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং প্রচারণার মাধ্যমে রুশ সরকার অভ্যন্তরীণ অসন্তোষ নিয়ন্ত্রণে রাখছে বলে বিশ্লেষকদের ধারণা।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর