বিশ্ব নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইংলিশ স্পোকেন অ্যান্ড প্রোনান্সিয়েশন ওয়ার্কশপ’।
নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসন পঞ্চগড়ের সহযোগিতায় এবং নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে বুধবার সকালে এ কর্মশালা শুরু হয়। আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে কর্মশালাটি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল।
নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদা খাতুন, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।
এ ছাড়া কর্মশালায় ক্লাবের সদস্য ও মাগুরা প্রধানপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া জাহান লুনা, হান্নানশেখ স্কুলের শিক্ষক আমিনুর ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস বাড়ানো, সঠিক উচ্চারণ শেখানো এবং আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের সক্ষমতা তৈরিই এ কর্মশালার মূল লক্ষ্য।
কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তিন দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের ইংরেজি কথোপকথন, শব্দের সঠিক উচ্চারণ, উপস্থাপনা ও যোগাযোগের বিভিন্ন কৌশল শেখানো হবে।