বাংলাদেশ পুলিশের ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন জেলা ও পুলিশ ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক আদেশে এ পদায়নের তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত পদে ও কর্মস্থলে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। কর্মকর্তারা এত দিন পুলিশ সদরদপ্তর, ঢাকায় বাস্তব প্রশিক্ষণকালীন কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন।
পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), খুলনা মহানগর পুলিশ (কেএমপি), বরিশাল মহানগর পুলিশ (বিএমপি), গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি), রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) ও রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বেশ কয়েকজনকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ট্যুরিস্ট পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) পদায়ন করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরে পদায়নের পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে টিআর পদে রেখে সাইবার পুলিশ ইউনিট ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। অন্যদের রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং পুলিশের বিভিন্ন ইউনিটেও দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর কর্মকর্তারা বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।