গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান ডিসি জি এম সরফরাজ। অন্যদিকে, নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদার।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ঘটনা ঘটেছে। এরই মধ্যে রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বৈঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। এতে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় শহরের বিভিন্ন সড়কে মিছিলকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দেয়।
এমন পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই বদলির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।
নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গোপালগঞ্জের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কী পরিবর্তন আসে, এখন সেটিই দেখার বিষয়।