প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে নীলফামারীর সৈয়দপুরে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন। ইকু গ্রুপের সহযোগিতায় মাসব্যাপী এ কর্মসূচির প্রথম পর্যায়ে ৩০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সৈয়দপুর পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর খালিশা বেলপুকুর গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইরফান আলম ইকু।
প্রশিক্ষণার্থীদের বিনা মূল্যে কাঁচি, ফিতা ও সেলাইয়ের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। প্রশিক্ষক নিয়োগসহ প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করছে ফাউন্ডেশন। প্রশিক্ষণ শেষে দক্ষ ও যোগ্য প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া অনার্সপড়ুয়া শিক্ষার্থী রেজিয়া সুলতানা বলেন, পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা তাঁর অনেক দিনের। বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। প্রশিক্ষণ শেষে নিজে উপার্জনের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে চান তিনি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইরফান আলম ইকু বলেন, নারীদের অন্যের ওপর নির্ভরশীল না রেখে উপার্জনক্ষম করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে সৈয়দপুর পৌরসভা ও উপজেলার সব ইউনিয়নে এ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।
উল্লেখ্য, ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে শীতবস্ত্র ও খাদ্যসহায়তা বিতরণ, চিকিৎসাসেবা, বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ, চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নওশাদ আনসারী, সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন ও প্রশিক্ষক খায়রুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসভাপতি আলমগীর হোসেন। এ সময় অর্থ সম্পাদক সামিউল আলিম, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রাজা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।