শিরোনাম

সৈয়দপুরে বাউস্টে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

সৈয়দপুরে বাউস্টে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আয়োজিত সাত দিনব্যাপী ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক-১ অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তিনি নবনিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, প্রশিক্ষক এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতিমালা, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই), গবেষণা সংস্কৃতি, পরীক্ষা ব্যবস্থাপনা, প্রশাসনিক কাঠামো, শৃঙ্খলা, স্মার্ট ক্যাম্পাস, অ্যাক্রিডিটেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর