শিরোনাম

কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচার দাবিতে উত্তাল সাতক্ষীরা

কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচার দাবিতে উত্তাল সাতক্ষীরা

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে এক সপ্তাহের মধ্যে এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় জেলাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আযাদ হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব শেখ মাসুম বিল্লাহ শাহীন।

এতে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, অ্যাডভোকেট আকবার হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী, আল ইমরান ইমু এবং শ্রমিক নেতা আজিজ বাবু, নবাবজান ও অজিয়ার রহমানসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জাকারিয়া হত্যাকাণ্ডের দেড় সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার সব আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ নিয়ে পুলিশের ভূমিকা ও গ্রেপ্তার তৎপরতা নিয়ে হতাশা প্রকাশ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, মামলার প্রধান আসামি নাহিদকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তাঁরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে জেলাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাতিজা বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ কয়েকজন কিশোরের বিরোধ বাধে। বাপ্পি হাসানকে রক্ষা করতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতে আহত হন কলেজছাত্র জাকারিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর