শিরোনাম

শিশু অপ্রতিমসহ শিশু হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শিশু অপ্রতিমসহ শিশু হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শিশু অপ্রতিমসহ সারাদেশে নিহত নিরপরাধ শিশুদের হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন, এইচআরডিএফ, এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, হিউম্যান রাইটস ল’ইয়ার্স ফোরাম, এইচআরডি নেটওয়ার্ক, উত্তরণ সাতক্ষীরা, সিডো, হেড, ক্রিসেন্ট ইয়ুথ স্কুল গার্লস গ্রুপ, সুন্দরবন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য দেন এমএসএফের সমন্বয়কারী অ্যাডভোকেট সাইদুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আঞ্জুয়ারা মিলি, সাধারণ সম্পাদক জোসনা দত্ত, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, আব্দুস সামাদ, আবু জাফর সিদ্দিকী, সিডোর পরিচালক শ্যামল বিশ্বাস, এমএসএফ সাতক্ষীরার সমন্বয়কারী অ্যাডভোকেট মনিরউদ্দীন, এমএসএফ ঢাকার সমন্বয়কারী সোফিয়া হাসিন, সিনিয়র স্টাফ ল’ইয়ার অ্যাডভোকেট নাহিদ শামস, হেডের পরিচালক লুইস রানা গাইন, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, এম কামরুজ্জামানসহ অনেকে।

বক্তারা বলেন, দেশে শিশু নিখোঁজ ও হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ১৫৫ শিশু নিহত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ এবং ধর্ষণের পর ২৬ শিশু হত্যার শিকার হয়েছে।

তারা আরও বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে শিশু হত্যা, ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, নিখোঁজ শিশুদের সন্ধান এবং শিশুদের নিরাপত্তায় সরকার ও প্রশাসনের কঠোর ভূমিকা পালনের দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর