শিরোনাম

সৈয়দপুর বিজ্ঞান কলেজের ১৫৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সৈয়দপুর বিজ্ঞান কলেজের ১৫৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ১৫৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক (গণিত) আনসারুল ইসলাম ও সহযোগী অধ্যাপক (রসায়ন) মশিয়ার রহমান।

অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহি মিশকাত, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থী সুমাইরা নুর এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ সান।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ১৫৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ও কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) জাকিরুল ইসলাম বলেন, পূজার ছুটি থাকায় বিভিন্ন জেলা শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস তাঁদের অভিভূত করেছে বলেও জানান তিনি।

পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে আসা অভিভাবক আজিজুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। তিনি এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষার্থী আসসাবা তাবাসসুম ও ফাবলিহা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর