শিরোনাম

তিস্তার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও, অবস্থান কর্মসূচি

তিস্তার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও, অবস্থান কর্মসূচি

তিস্তা নদীর ভয়াবহ ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

রোববার (২৬ জুলাই) দুপুরে গঙ্গাচড়া উপজেলার নোহালী ও কোলকোন্দ ইউনিয়নের চরাঞ্চলের শতাধিক ভাঙনকবলিত বাসিন্দা মিছিল নিয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে যান। পরে তারা প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, কৃষক মফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, ফজলু মিয়াসহ স্থানীয় ভুক্তভোগীরা।

বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড কার্যকর ভাঙন প্রতিরোধের পরিবর্তে নামমাত্র কাজ করছে। ঠিকাদার নিয়োগ এবং তিস্তা নদী শাসনের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তারা বলেন, গত তিন থেকে চার বছর ধরে ঝুঁকিপূর্ণ এলাকায় ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

তাদের দাবি, মাত্র ১৫ দিন আগেও সম্ভাব্য ভাঙনকবলিত এলাকায় জরুরি কাজের অনুরোধ করা হয়েছিল। কিন্তু ব্যবস্থা না নেওয়ায় গত এক সপ্তাহে প্রায় ৪৬টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে বহু পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।

বিক্ষোভকারীরা আরও বলেন, ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শুধু পরিদর্শন ও আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং ভাঙন প্রতিরোধে চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। তাঁর আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তা নদীর ডান তীর শহর, জনবসতি ও কৃষিজমি সুরক্ষার জন্য বাঁধ দিয়ে রক্ষা করা হয়েছে। তবে বাম তীরের দ্বীপচর এলাকায় নদী একাধিক চ্যানেলে প্রবাহিত হওয়ায় সেখানে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ জটিল। তা সত্ত্বেও জিওব্যাগ ফেলা, বাঁশের পাইলিংসহ বিভিন্ন অস্থায়ী ব্যবস্থা নিয়ে ভাঙন প্রতিরোধের কাজ চলছে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর