শিরোনাম

নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮

নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ জন পুরুষ ও ১২ জন নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, আবাসিক হোটেল দুটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শনিবার দুপুর ২টার দিকে আটক ১৮ জনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনী বাজারের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে—গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে।

শুক্রবার রাতে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়।

পরদিন শনিবার সকালে চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটে অবস্থিত রাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বেগমগঞ্জ, নোয়াখালী সদর ও হাতিয়া উপজেলার বাসিন্দা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯০ ধারায় ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর