নীলফামারীর সৈয়দপুর-রংপুর সড়কের চিকলিতে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুয়েল মন্ডল (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মন্ডল সৈয়দপুর শহরের লায়ন্স স্কুলের পেছনের এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।
এলাকাবাসী জানান, ব্যবসায়ীদের তাগাদা ও বকেয়া টাকা আদায়ের কাজ শেষে মোটরসাইকেলে করে সৈয়দপুর শহরের বাসায় ফিরছিলেন জুয়েল। পথে চিকলি এলাকায় একটি মালবাহী ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জুয়েল মন্ডল সৈয়দপুর শহরের পরিচিত পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন। তাঁর মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের হাতিখানা ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে হাতিখানা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।