শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন-উপজেলা বিতর্ক

উন্নয়নের উদ্যোগ, নাকি দুই ভাইকে ঘায়েলের রাজনৈতিক খেলা?

উন্নয়নের উদ্যোগ, নাকি দুই ভাইকে ঘায়েলের রাজনৈতিক খেলা?

একটি ইউনিয়ন গঠনকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার নতুন উপজেলা গঠনের প্রস্তাব ঘিরে আরও জোরালো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। প্রশাসনিক পুনর্গঠনের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণের আভাসও পাওয়া যাচ্ছে। জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়া ও তাঁর ছোট ভাই প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুর রহমান সানীকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ ক্রমেই প্রকাশ্যে আসছে। স্থানীয় একাধিক সচেতন মানুষের অভিযোগ, একটি পক্ষ পরিকল্পিতভাবে দুই ভাইকে বিতর্কিত করে এলাকার উন্নয়ন উদ্যোগ বাধাগ্রস্ত করতে চাইছে। এমনকি এ বিরোধে জেলার দুই সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।

অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত উপেক্ষা করে একের পর এক প্রশাসনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁদের অভিযোগ, ইউনিয়ন গঠন থেকে শুরু করে নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রস্তাব—কোনোটিতেই স্থানীয় জনগণের মতামত যথাযথভাবে নেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে রাজপথে। সর্বশেষ গত ৮ নভেম্বর রোববার রেললাইন ও সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আখাউড়া-আগরতলা সড়কেও যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ছয় গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন, বিতর্কের সূত্রপাত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল আলাদা করে ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে সদর উপজেলার পরিবর্তে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

প্রশাসনিক পুনর্বিন্যাসের এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট এলাকার মানুষের প্রশাসনিক সেবা গ্রহণ সহজ করা এবং ভৌগোলিক ও যোগাযোগগত বাস্তবতার সঙ্গে প্রশাসনিক কাঠামোর সমন্বয় ঘটানো—এমন ধারণা স্থানীয় একটি অংশের।

তাঁদের মতে, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, ভূমি ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রামগুলোর মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমানোর সুযোগ তৈরি হতে পারে। 

গেজেট প্রকাশের প্রায় চার মাস পর বাসুদেব ইউনিয়নের কিছু বাসিন্দা নতুন করে প্রতিবাদে নামেন। তাঁদের দাবি, ছয়টি গ্রামকে আগের মতো বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের সামাজিক, প্রশাসনিক ও ভৌগোলিক সম্পর্ক বিবেচনা না করে ইউনিয়ন ও উপজেলার সীমানা পরিবর্তন করা হলে ভবিষ্যতে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন।

নতুন উপজেলা গঠনের প্রস্তাব ঘিরে নতুন বিতর্ক

ইউনিয়ন গঠন নিয়ে বিতর্কের মধ্যেই সামনে আসে নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রস্তাব। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব, বিজয়নগর উপজেলার সিংগারবিল এবং আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে একটি নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়া গত ৮ সেপ্টেম্বর এ বিষয়ে আবেদন করেন। পরদিন ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়।

তবে নতুন উপজেলা গঠনের প্রস্তাব এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। এটি সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। অর্থাৎ প্রস্তাবটি বিবেচনাধীন থাকলেও নতুন উপজেলা প্রতিষ্ঠার বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর বাসিন্দাদের মধ্যে নতুন করে আলোচনা, সমর্থন ও আপত্তি দেখা দেয়। আন্দোলনকারীদের একাংশের বক্তব্য, এত বড় প্রশাসনিক পরিবর্তনের আগে জনমত যাচাই করা জরুরি। অন্যদিকে উদ্যোগটির সমর্থকদের মতে, নতুন উপজেলা প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা ও অবকাঠামো সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

দুই ভাইকে ঘিরে রাজনৈতিক বিরোধের অভিযোগ

এই পুরো ঘটনার সঙ্গে জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়া ও তাঁর ছোট ভাই আব্দুর রহমান সানীর নাম সামনে এসেছে। সানী বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে ইউনিয়ন ও উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসার পর একটি রাজনৈতিক পক্ষ বিষয়টিকে কেন্দ্র করে বিরোধ তৈরি করছে। তাঁদের দাবি, দুই ভাইয়ের উন্নয়নমূলক উদ্যোগ ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা নিয়ে প্রতিদ্বন্দ্বী একটি অংশের মধ্যে অস্বস্তি রয়েছে। সে কারণে প্রশাসনিক পুনর্গঠনের প্রশ্নকে রাজনৈতিক বিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি এ প্রতিবেদককে বলেন, সাধারণ মানুষকে সামনে রেখে বিএনপির অভ্যন্তরীণ একটি অংশ রাজনৈতিক হিসাব-নিকাশ মেলানোর চেষ্টা করছে। তাঁদের অভিযোগ, এলাকার উন্নয়ন কার্যক্রমে কবির আহমেদ ভূঁইয়া ও আব্দুর রহমান সানীর সম্পৃক্ততা বাড়তে থাকায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতাদের মধ্যে প্রভাব ও গ্রহণযোগ্যতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

তাঁদের ভাষ্য, দুই ভাইকে বিতর্কিত করে এলাকার মানুষের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি করা গেলে উন্নয়ন উদ্যোগও একসময় থমকে যেতে পারে।

সংবাদমাধ্যমে দুই ভাইকে ঘিরে অভিযোগ

ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে বাসুদেব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য টিপু সুলতান অভিযোগ করেন, কবির আহমেদ ভূঁইয়া ও তাঁর ভাই আব্দুর রহমান সানী মিলে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছেন। সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে আলোচনা না করার অভিযোগও তোলেন তিনি।

অন্যদিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন অভিযোগ করেন, কবির আহমেদ ভূঁইয়া তাঁর ভাই আব্দুর রহমান সানীর প্রভাব ব্যবহার করে এসব উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছেন।

এসব বক্তব্যে প্রশাসনিক পুনর্গঠনের উদ্যোগের সঙ্গে রাজনৈতিক প্রভাবের প্রশ্ন সামনে এসেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন ইউনিয়ন ও উপজেলা গঠনের প্রস্তাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নথি, প্রশাসনিক সুপারিশ, জনমত যাচাই এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনা করেই প্রকৃত চিত্র নির্ধারণ করা সম্ভব।

উন্নয়নের সম্ভাবনা, নাকি প্রশাসনিক ভোগান্তি?

নতুন উপজেলা প্রতিষ্ঠার পক্ষে স্থানীয় একটি অংশের যুক্তি, প্রশাসনিক কেন্দ্র গড়ে উঠলে ওই অঞ্চলে নতুন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, যোগাযোগ অবকাঠামো ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থান। বাড়তে পারে জমির ব্যবহার, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড।

একটি নতুন উপজেলা প্রতিষ্ঠা মানে শুধু প্রশাসনিক সীমানা পরিবর্তন নয়; এর সঙ্গে যুক্ত থাকে সরকারি দপ্তর, কর্মকর্তা-কর্মচারীর পদায়ন, অবকাঠামো নির্মাণ, স্থানীয় বাজার সম্প্রসারণ এবং নাগরিক সেবার নতুন সুযোগ।

তবে এর বিপরীতে আন্দোলনকারীদের প্রশ্ন, উপজেলা হলে প্রশাসনিক সদর কোথায় হবে, কোন ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি সুবিধা পাবেন, অন্য এলাকার বাসিন্দাদের যাতায়াত কতটা সহজ হবে এবং বিদ্যমান উপজেলা কাঠামোর ওপর কী প্রভাব পড়বে—এসব বিষয় আগে থেকেই মূল্যায়ন করা জরুরি।

অর্থাৎ নতুন উপজেলা গঠনের সম্ভাব্য সুফল যেমন রয়েছে, তেমনি রয়েছে পরিকল্পনাগত ও প্রশাসনিক চ্যালেঞ্জ। সঠিক সমীক্ষা, জনমত যাচাই এবং বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া কোনো উদ্যোগই দীর্ঘমেয়াদে সফল হবে না।

রামরাইলের সমাবেশ থেকে অবরোধ

নতুন উপজেলা গঠনের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গত ২৯ অক্টোবর রামরাইল বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন মেনে না নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর ধারাবাহিকতায় ৮ নভেম্বর রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অখণ্ড বাসুদেব ইউনিয়ন পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে রেললাইন ও সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

অবরোধের কারণে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে পারাবত এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন। একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধের কারণে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলও ব্যাহত হয়।

একটি প্রশাসনিক পুনর্গঠনের প্রস্তাব ঘিরে সৃষ্ট বিরোধের কারণে গুরুত্বপূর্ণ জাতীয় যোগাযোগব্যবস্থায় এমন বিঘ্ন নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের দাবি-দাওয়া থাকলেও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচির পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহলের অনেকে।

দুই সংসদ সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন

স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে জেলার দুই সংসদ সদস্যের রাজনৈতিক অবস্থান ও ভূমিকার বিষয়টিও। কয়েকজন সচেতন ব্যক্তির অভিযোগ, প্রশাসনিক পুনর্গঠনের উদ্যোগ ঘিরে তৈরি বিরোধে জেলার দুই সংসদ সদস্যেরও রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। 

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। কিন্তু এলাকার উন্নয়ন, প্রশাসনিক সেবা এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিয়ে কোনো উদ্যোগ যদি দলীয় বিরোধের কারণে বাধাগ্রস্ত হয়, তা হলে ক্ষতিগ্রস্ত হবেন সংশ্লিষ্ট এলাকার মানুষই।

এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দায়িত্ব হলো স্থানীয় মানুষের মতামত শোনা, প্রশাসনিক বাস্তবতা যাচাই করা এবং বিরোধ নিরসনে কার্যকর ভূমিকা রাখা। ব্যক্তিগত বা দলীয় প্রতিযোগিতার চেয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়াই হওয়া উচিত তাঁদের প্রধান দায়িত্ব।

একজন শিক্ষকের প্রশ্ন: সানীর রাজনীতিতে জড়ানোর প্রয়োজন কী?

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন স্বনামধন্য শিক্ষক এ প্রতিবেদককে বলেন, আব্দুর রহমান সানী স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়ার চেষ্টা না করে এলাকার উন্নয়ন নিয়ে ভাবছেন—এটিই হয়তো কারও কারও জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, সানী কেন স্থানীয় রাজনীতির বিরোধে জড়াবেন? তিনি শুধু প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব নন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তা। তাঁর দায়িত্ব ও কাজের পরিধি জাতীয় পর্যায়ে। অথচ তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক বিরোধ তৈরি হলে সেটি কোনোভাবেই এলাকার জন্য ইতিবাচক হবে না।

শিক্ষকের মতে, এলাকার উন্নয়ন নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের রাজনৈতিক বিরোধের মধ্যে টেনে না এনে সহযোগিতা করা উচিত। মনে রাখতে হবে সানী শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা নন, প্রধানমন্ত্রী রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে নির্বাচিত হয়েছেন। সেই আসনের মনোনিত প্রধিনিধি সানী। সুতরাং সে বরিশলের ইউপি চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান হওয়া নিয়ে ভাবছেন না।

সমাধান কোন পথে?

ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হলো প্রশাসনিক পুনর্গঠনের প্রস্তাবকে রাজনৈতিক বিরোধের বাইরে রেখে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা। ইউনিয়ন ও উপজেলা গঠনের সিদ্ধান্তের ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

প্রথমত, সংশ্লিষ্ট সব ইউনিয়নের মানুষকে তাদের নিজের অধিকার ও উন্নয়নেন কথা মাথায় রেখে মতামত গ্রহণ দিতর হবে। দ্বিতীয়ত, ভৌগোলিক অবস্থান, যাতায়াতব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, ভূমি প্রশাসন ও সরকারি সেবা গ্রহণের বাস্তব চিত্র পর্যালোচনা করতে হবে। তৃতীয়ত, নতুন উপজেলা প্রতিষ্ঠার অর্থনৈতিক ও প্রশাসনিক সম্ভাব্যতা যাচাই করতে হবে। চতুর্থত, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে সরকারি সিদ্ধান্তের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরতে হবে।

একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো, ব্যক্তিগত আক্রমণ কিংবা উন্নয়ন উদ্যোগকে কেন্দ্র করে সংঘাত তৈরির অপচেষ্টা  নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

উন্নয়নের প্রশ্নে রাজনীতি কতটা প্রাধান্য পাবে?

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ইউনিয়ন ও উপজেলা গঠনের উদ্যোগকে ঘিরে যে বিরোধ তৈরি হয়েছে, তা এখন আর কেবল প্রশাসনিক সীমানা নির্ধারণের প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি, রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তাকে ঘিরে বিতর্ক।

একটি ইউনিয়ন কিংবা উপজেলা প্রতিষ্ঠা হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবনযাত্রায় কী পরিবর্তন আসবে, তা নির্ভর করবে পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর। কিন্তু রাজনৈতিক বিরোধের কারণে সম্ভাবনাময় কোনো উদ্যোগ থমকে গেলে তার দায় শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে।

এখন তাই প্রশ্ন—ব্রাহ্মণবাড়িয়ার এই বিরোধ কি সত্যিই স্থানীয় মানুষের প্রশাসনিক অধিকার ও মতামতের প্রশ্ন, নাকি এর আড়ালে চলছে রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াই? কবির আহমেদ ভূঁইয়া ও আব্দুর রহমান সানীকে ঘিরে যে অভিযোগ-পাল্টা অভিযোগ তৈরি হয়েছে, তার প্রকৃত কারণ কী? দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তি কতটুকু?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জরুরি। কারণ উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের একক সম্পদ নয়; এটি জনগণের অধিকার। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, মতপার্থক্যও থাকতে পারে। কিন্তু সেই প্রতিযোগিতার মূল্য যেন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষকে দিতে না হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর