মানিকগঞ্জের দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার কলিয়া ইউনিয়নের হাটাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন কলিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন বাবু (৪৮)। পুলিশ জানিয়েছে, তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবুল হোসেনকে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বাবুল হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।