পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইবুল ইসলাম।
সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ আরও জোরদার করার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রচলিত শিক্ষাক্রমের বাইরেও শিক্ষার্থীদের যুগোপযোগী ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে মুক্ত আলোচনার আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উৎসবমুখর ও অর্থবহ করতে আগামী ৫ অক্টোবর সুসজ্জিত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির লায়ন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।