শিরোনাম

সর্বোচ্চ ৪৫ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৯৪৩ টাকা

সর্বোচ্চ ৪৫ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৯৪৩ টাকা

অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ২০ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও বেড়েছে। সর্বোচ্চ ৪৫ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৯৪৩ টাকা।

রোববার (৪ অক্টোবর) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করে। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত এলপিজির মূল্য বা সৌদি সিপি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে অক্টোবরের দাম সমন্বয় করা হয়েছে। এ মাসে সৌদি আরামকো প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৮০ মার্কিন ডলার এবং বিউটেনের ৭৩০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি নির্ধারণ করা হয়েছে ৭১২ দশমিক ৫০ মার্কিন ডলার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূসকসহ রিটেইলার পর্যায়ে প্রতি কেজি বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা ৬ পয়সা। সেপ্টেম্বরে এ দাম ছিল ১৩২ টাকা ১২ পয়সা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা ৯৪ পয়সা।

বিভিন্ন সিলিন্ডারের নতুন দাম

সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে তা বেড়ে হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ২৫২ টাকা।

১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯১৩ টাকা। ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা থেকে বেড়ে ২ হাজার ২৯৬ টাকা এবং ১৬ কেজির দাম ২ হাজার ১১৪ টাকা থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৪৪৯ টাকা।

২০ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬৪২ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৬১ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৩৬৭ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৮২৭ টাকা হয়েছে।

এ ছাড়া ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৬০ টাকা থেকে বেড়ে ৫ হাজার ৫১ টাকা এবং ৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা থেকে বেড়ে ৫ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বড় ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬ হাজার ৮৮৮ টাকা। অর্থাৎ এ সিলিন্ডারের দাম এক লাফে ৯৪৩ টাকা বেড়েছে।

অটোগ্যাসের দামও বেড়েছে

অন্যদিকে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।

এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম মূসকসহ প্রতি কেজি ১৪৯ টাকা ৩১ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি লিটার ৩৩ টাকা ১৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রতি ঘনমিটারে এ দাম ৩৩১ টাকা ৯০ পয়সা।

সরকারি এলপিজির দাম অপরিবর্তিত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। গত ২৩ ফেব্রুয়ারি জারি করা বিইআরসির আদেশ অনুযায়ী, সরকারি এলপিজির ১২ দশমিক ৫০ কেজি সিলিন্ডারের দাম ডিলার ও রিটেইলার পর্যায়ে ৭৭৬ টাকা ৯৩ পয়সাই থাকবে।

বিইআরসি আরও জানিয়েছে, এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউশন এবং রিটেইলার পর্যায়ের কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

নতুন নির্ধারিত মূল্য ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর