বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় নিষিদ্ধ সংগঠনের স্লোগান লেখা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার আগে থেকে লাল ও কালো রঙ দিয়ে স্প্রে করা লেখাগুলো চোখে পড়ে। তবে কারা এবং কখন এগুলো লিখে গেছে, তা কেউ বলতে পারছে না।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি নজরে আসার পরই সরকারি স্থাপনার লেখাগুলো মুছে ফেলা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটক এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে নিষিদ্ধ সংগঠনের স্লোগান লেখা হয়েছে। এছাড়া উপজেলার গাড়িদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়াল, জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ড, নয়াপাড়ায় অবস্থিত উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান ফটক এবং মজিবুর রহমান বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও একই স্লোগান দেখা গেছে।
শুধু সরকারি দপ্তর কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকায় সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়ক-সংলগ্ন দেয়ালেও নিষিদ্ধ সংগঠনের স্লোগান লেখা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, মঙ্গলবার সন্ধ্যার একটু আগে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দেয়ালে লিখে চলে গেছে। এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করে যাচ্ছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, সন্ধ্যার পর বিষয়টি তিনি জানতে পারেন। এরপর সরকারি যে দপ্তরগুলোতে লেখা হয়েছিল, সেগুলো মুছে ফেলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ দলটি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১০৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।