পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)। বৃষ্টি উপেক্ষা করেও চিকিৎসাসেবা নিতে মেডিকেল ক্যাম্পে ভিড় করেন শত শত মানুষ।
শনিবার দিনব্যাপী আটোয়ারী উপজেলার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ বিজিবির উদ্যোগে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রোগে আক্রান্ত সীমান্তবর্তী এলাকার নারী, পুরুষ ও শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এ সময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। এর অংশ হিসেবে নিয়মিত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, বর্ষা মৌসুমে বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় তাদের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পে সীমান্তবর্তী এলাকার প্রায় ৪৫০ থেকে ৫০০ জন অসহায়, হতদরিদ্র নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।