শিরোনাম

গণঅভ্যুত্থানে অন্যায় শাসনের পতন ঘটে: রিজভী

গণঅভ্যুত্থানে অন্যায় শাসনের পতন ঘটে: রিজভী
বক্তব্য রাখছেন রিজভী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাংলাদেশে সরকার উৎখাতের প্রসঙ্গ টেনে দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনো দেশে অন্যায় ও অবৈধভাবে শাসন পরিচালিত হলে সেখানে আন্দোলন, গণজাগরণ ও গণঅভ্যুত্থান সৃষ্টি হয়।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রতিবেশী দেশে কী ঘটছে, তা নিয়ে মন্তব্য করার কিছু নেই। তবে বাংলাদেশের পরিস্থিতি ইঙ্গিত করে বক্তব্য দেওয়া হলে সে বিষয়ে কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের রয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলেন। মধ্যরাতের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছিল। বিচার বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিজেদের পছন্দের লোক বসিয়ে দুঃশাসন প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, কোনো দেশ অন্যায় ও অবৈধভাবে পরিচালিত হলে জনগণ প্রতিবাদে ফেটে পড়ে। আন্দোলন, গণজাগরণ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্যায় শাসনের অবসান ঘটে। যারা অপরাধ করে, একপর্যায়ে তাদের ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়—এটাই বাস্তবতা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বৈধভাবে ক্ষমতায় ছিলেন না; বরং বারবার জনগণের ভোটাধিকার উপেক্ষা করে ক্ষমতায় টিকে ছিলেন। এ কারণেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তাঁকে দেশ ছাড়তে হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

বক্তব্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, অন্যায় করে কেউ পার পাবে না। বেআইনিভাবে হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আইন ও আদালতের মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

দুর্গাপূজার নিরাপত্তা, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি ও সার সরবরাহে সৃষ্ট সংকট নিয়েও বক্তব্য দেন রিজভী।

সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচি নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে সমালোচনার নামে জনগণকে বিভ্রান্ত না করে সত্য ও ন্যায়সংগত বক্তব্য দেওয়া উচিত।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে প্রতিবন্ধকতা তৈরি হলেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি ও সার সংগ্রহের চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে রিজভী জানান, প্রধানমন্ত্রী সরকারি প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপির নেতারা সারা দেশে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর