গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতা করতে ঘটনাস্থলে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টা ১৩ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী এ তথ্য জানান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ১৪ মিনিটের দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। এর এক মিনিট পর সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনসহ বিভিন্ন স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বিবেচনায় অগ্নিনির্বাপণ কার্যক্রম জোরদার করা হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য যোগ দেন।
এদিকে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের কার্যক্রম অব্যাহত রয়েছে।