বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং সব নাগরিকের ধর্মীয় উৎসব উদ্যাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে পঞ্চগড় জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীরে ৩৬০ মিটার বাঁধ উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দ বাড়াতে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহীসহ তিনটি জেলা সফর করবেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। তাঁরা স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অপ্রীতিকর ঘটনা, গুজব ও বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।